সিরিজ হারলেও অনেক কিছু শিখেছি : ল্যাথাম

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচে ৫৫ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। সিরিজ হারের পর ম্যাচের অভিজ্ঞতা থেকে শেখার ওপর গুরুত্ব দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে ল্যাথাম বলেন, “বাংলাদেশের পারফরম্যান্সকে পুরো কৃতিত্ব দিতেই হবে। তারা আমাদের ওপর চাপ তৈরি করেছে। এমন কন্ডিশনে এসে এখান থেকে শেখার অনেক কিছু থাকে। বিশেষ করে যারা প্রথমবার বাংলাদেশ সফরে এসেছে, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। চাপের পরিস্থিতিতে ব্যাটিং ও বোলিং—দুই দিক থেকেই শেখার সুযোগ তৈরি হয়। এই সফর থেকে সবাই অনেক কিছু শিখবে।”
নিজেদের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, দলে কিছু অনভিজ্ঞ খেলোয়াড় থাকলেও সবাইকে নিয়েই তারা ম্যাচে নিয়ন্ত্রণ রাখতে চেয়েছিলেন। তবে সিনিয়র ব্যাটার হিসেবে তিনি এবং নিকোলস আরও বেশি অবদান রাখতে পারতেন বলেও স্বীকার করেন।
ল্যাথাম বলেন, “অনেকেই এখানে বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, যা তাদের জন্য ভালো অভিজ্ঞতা। সামনে এসব অভিজ্ঞতা কাজে লাগবে। কিছু খেলোয়াড় টি-টোয়েন্টি সিরিজেও থাকবে, সেখানে শেখা বিষয়গুলো প্রয়োগ করার সুযোগ পাবে।”
বাংলাদেশের ব্যাটিং নিয়েও প্রশংসা করেন তিনি। কন্ডিশনের প্রসঙ্গ টেনে ল্যাথাম বলেন, “টিভিতে দেখে কন্ডিশন বোঝা যায় না। এখানে প্রচণ্ড গরম ছিল। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে খেলেছে, তার পুরো কৃতিত্ব তাদেরই দিতে হবে।”
সিরিজ থেকে সবচেয়ে বড় প্রাপ্তি কী—এমন প্রশ্নে ল্যাথাম বলেন, “অনেক খেলোয়াড় এই কন্ডিশনে প্রথমবার খেলার সুযোগ পেয়েছে এবং দায়িত্ব নিয়ে পারফর্ম করেছে। কিছু জায়গায় আরও ভালো করা যেত, তবে এই সফর থেকে বড় শিক্ষা পাওয়া গেছে। কিছু খারাপ অভিজ্ঞতাও ছিল, কিন্তু সেগুলোই ভবিষ্যতে কাজে দেবে। ফল আমাদের পক্ষে না এলেও দল হিসেবে আমরা অনেক কিছু শিখেছি।”
ভোরের আকাশ/সু.পা