সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের এক দিন আগে নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ ও অনিয়মের অভিযোগের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব উপস্থিত রয়েছেন।
অন্যদিকে, ১১ দলীয় ঐক্যের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
প্রতিনিধি দলে আরও রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ জোটের অন্য নেতারা।
বৈঠকের আগে সাংবাদিকদের হামিদুর রহমান আযাদ জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবেন তারা। এ সময় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে জোটের পক্ষ থেকে বেশ কিছু লিখিত প্রস্তাবও জমা দেওয়া হবে।
আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের সময়সূচি রয়েছে।
এর আগে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচারণায় ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অনিয়ম ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছিল জামায়াতে ইসলামী।
পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে আসছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সঙ্গে জোটের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
ভোরের আকাশ/ইউএম