আইসিসি’র নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে। ১২টি দলকে নিয়ে ২৪ দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এর আগেই নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ‘নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফি’র প্রথম আসর অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত। সহযোগী দেশগুলোর ক্রিকেটকে এগিয়ে নিতে এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো শীর্ষ দলগুলো অংশ নেবে না।
আইসিসি আরও জানায়, উদ্বোধনী আসরে অংশ নেবে পাঁচটি দল— রুয়ান্ডা, ইতালি, নেপাল, যুক্তরাষ্ট্র ও ভানুয়াতু। প্রতিযোগিতাটি ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে।
আইসিসির পাঁচটি আঞ্চলিক অঞ্চল থেকে বাছাইপর্বে সেরা হওয়া দলগুলো— যারা গত বছর ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নেয়নি— তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রুয়ান্ডা খেলবে ইতালির বিপক্ষে। অন্য ম্যাচে নেপাল মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের।
টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে রুয়ান্ডার রাজধানী কিগালির গাহাঙ্গা ক্রিকেট স্টেডিয়ামের দুটি ভেন্যুতে।
ভোরের আকাশ/সু.পা