যুব এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি

যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। অন্যদিকে, আফগানিস্তানকে ৮ উইকেটে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। শনিবার (১৪ নভেম্বর) শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল।
সেমিফাইনালে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। টসের পর প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ফরিদ হাসানের দল। ফলে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই মাত্র ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার আব্দুল্লাহ আর মুহি। এ ছাড়া রাকিবুল হাসান করেন ২৬ রান। আল রাফির ব্যাট থেকে আসে ২০ রান।
১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। দুই ওপেনার মিলে গড়েন ১২৩ রানের জুটি। ফিফটি পূরণের পর ৬৯ রান করে আউট হন হায়াম খান। অন্য প্রান্তে অবিচল থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন উসমান খান। তিনি ৬৪ রানে অপরাজিত থাকেন। আব্দুল কাদিরকে সঙ্গে নিয়ে মাত্র এক উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে পাকিস্তান।
অন্য সেমিফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের হয়ে নোমান সালারজাই ও শাহ ফয়সাল রাহিমি দুজনই ৫১ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে দাপুটে শুরু করে ভারত। উদ্বোধনী জুটিতে ১১৭ রান যোগ করেন লক্ষয় রাইচন্দন ও আর্যবীর শেবাগ। রাইচন্দন ৯০ বলে ৯৩ রান করে আউট হন। অন্যদিকে, ৫৭ বলে ৫১ রান করেন শেবাগ।
পরে ভিকে ভিনেথ ও ইয়াসবর্ধন চৌহান মিলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ফিফটি তুলে নেওয়া ভিনেথ ৫৭ রানে অপরাজিত থাকেন। চৌহান অপরাজিত থাকেন ১৬ রানে। ৮ উইকেটের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।
ভোরের আকাশ/সু.পা