নিরাপত্তা শঙ্কায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

কাতারে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল টুর্নামেন্টটি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে আসন্ন আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন জানায়, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে ফুটবলারদের কাছে নিজেদের অবস্থান জানিয়ে চিঠি পাঠিয়েছে ইউএস সকার ফেডারেশন। চিঠির বরাতে রয়টার্স জানিয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্ট-পূর্ব প্রস্তুতি ক্যাম্প এবং বিশ্বকাপে অংশগ্রহণ—দুটিই বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
চিঠিতে কাতারের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘লেভেল ৩’ ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য জারি করা সংশ্লিষ্ট নির্দেশনার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও কর্মীদের কল্যাণ সর্বদা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
বুধবারই সংশ্লিষ্ট ফুটবলারদের ক্লাবগুলোকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের। তবে ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করতে খেলোয়াড়দের নিরুৎসাহিত করা হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের বিষয়ে ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত মাসে কাতার নিয়ে ভ্রমণ পরামর্শ হালনাগাদ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে দেশটিতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। হালনাগাদ নির্দেশনায় সৌদি আরবের ওপর হুথি বিদ্রোহীদের হামলার বিষয়টিও তুলে ধরা হয়েছে। এসব হামলার মধ্যে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চালানো হামলাও রয়েছে।
আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ৪৮ দলের অংশগ্রহণে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা ছিল যুক্তরাষ্ট্রের। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ চিলি ও আলজেরিয়া। কাতারে অনুষ্ঠিত আগের আসরে যুক্তরাষ্ট্র শেষ ৩২-এ খেলেছিল।
ভোরের আকাশ/সু.পা