ম্যারাডোনার নামে স্টেডিয়াম
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি নারী দল

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নামে নামকরণ করা স্টেডিয়ামটি আবারও চালু হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও আর্জেন্টিনার নারী ফুটবল দল। আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিষয়টি জানিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন।
বুয়েনস আইরেসের কাছে অবস্থিত এস্তাদিও উনিকো দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। স্টেডিয়ামটি পুনরায় চালুর আয়োজনকে ঘিরে দুই দলের এই লড়াই ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
দক্ষিণ আমেরিকা সফরে জার্মানির দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে। আগামী ৪ ডিসেম্বর সেখানে পেরুর মুখোমুখি হবে জার্মান নারী দল। এটিই হবে চলতি বছরে জার্মানির শেষ ম্যাচ।
পেরুর নারী দলের জন্যও ম্যাচটি হবে বিশেষ অভিজ্ঞতার। কারণ, দেশটির ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের বিপক্ষে মাঠে নামবে তারা।
আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ। ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে বিশ্ব ফুটবলের এই আসর। বিশ্বকাপের আগে দক্ষিণ আমেরিকার ফুটবল সম্পর্কে ধারণা নেওয়া এবং নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার লক্ষ্যেই এ সফরে যাচ্ছে জার্মানি।
ভোরের আকাশ/সু.পা