এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই পর্ব
সিঙ্গাপুরকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ
টানা দুই ম্যাচ হেরে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন ভেঙে গিয়েছিল বাংলাদেশের যুবাদের। তবে শেষ ম্যাচে অন্তত জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ল তারা। আজ ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর তৃতীয় ও শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। প্রথম দুই ম্যাচে কোনো জয় না পেলেও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দৃঢ় সংকল্প নিয়ে নেমেছিল বাংলাদেশের ফুটবলাররা। প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা মেলেনি। তবে বিরতির পর আক্রমণে গতি বাড়ায় দল।
অবশেষে ৭০তম মিনিটে ম্যাচের অচলাবস্থা ভাঙেন ফাহামিদুল। প্রায় ২৫ গজ দূর থেকে তার নেওয়া জোরালো শট জালের পথ খুঁজে নেয়। গোল হওয়ার সঙ্গে সঙ্গেই উদ্দীপ্ত হয়ে ওঠে লাল-সবুজ জার্সিধারীরা। মাত্র দুই মিনিট পরই আল-আমিন ব্যবধান দ্বিগুণ করেন। বাংলাদেশের দ্বিতীয় গোলের পর সিঙ্গাপুর চাপ সামলাতে না পেরে রক্ষণে হোঁচট খেতে থাকে। সেই সুযোগ কাজে লাগান মহসিন আহমেদ।
৮০তম মিনিটে প্রতিপক্ষের কর্নার থেকে বল ক্লিয়ার করে দ্রুত পাল্টা আক্রমণে উঠে সতীর্থের কাছ থেকে ক্রস পেয়ে কোনাকুনি শটে দলের তৃতীয় গোলটি করেন তিনি। দুই মিনিটের ব্যবধানে গোল পান শেখ মোরসালিনও। ডি-বক্সের বাইরে থেকে তার নিখুঁত শট সরাসরি জালে জড়ায়, স্কোরলাইন দাঁড়ায় ৪-০ তে। ম্যাচের যোগ করা সময়ে সিঙ্গাপুর নাদিম রাহিমের গোলে একবার জাল খুঁজে পেলেও তা কেবল সান্ত্বনা গোলই হয়ে থাকে। ফলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচে ২-০ গোলে হার দিয়ে আসর শুরু করেছিল তারা। এরপর ইয়েমেনের বিপক্ষেও শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হেরে মূলপর্বে খেলার আশা শেষ হয়ে যায়। গ্রুপ পর্বে তিন ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে ভিয়েতনাম শীর্ষে এবং ইয়েমেন আছে দ্বিতীয় স্থানে। এই দুই দলই গত সোমবার রাতে নিজেদের মধ্যে লড়াইয়ে নামে। অন্যদিকে একটি জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ শেষ করেছে তৃতীয় হয়ে, আর সিঙ্গাপুর থেকে গেছে শূন্য হাতে।
উল্লেখ্য, এবারের বাছাই পর্বে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি জায়গা করে নেবে ২০২৬ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠেয় মূলপর্বে। পাশাপাশি রানার্স আপদের মধ্যে সেরা চারটিও খেলবে সেই আসরে। ২০২৪ সালের বাছাইয়ে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিন্সের বিপক্ষে তিন ম্যাচেই হেরে গ্রুপ টেবিলের তলানিতে থেকে বিদায় নিয়েছিল তারা। এবারও মূলপর্বের টিকিট না পেলেও অন্তত একটি জয় দিয়ে গ্রুপ শেষ করেছে লাল-সবুজের তরুণরা।
ভোরের আকাশ/এসএইচ