আইপিএলের নিলাম এবার গোয়ায়

২০২৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম ভারতের গোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল বুধবার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। টানা তিন বছর পর আইপিএলের নিলাম আবারও ভারতের মাটিতে ফিরছে।
ইতোমধ্যেই নিলামের তারিখও নির্ধারিত হয়ে গেছে। তবে সেটি এখনও আনুষ্ঠানিকভাবে সামনে আনা হয়নি। যদিও দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ডিসেম্বরের ১৪-১৬ তারিখের মধ্যে হতে পারে।
গত ৩ বছর আইপিএলের নিলাম হয়েছে ভারতের বাইরে। দুবার হয়েছে সংযুক্ত আরব-আমিরাতে আর একবার সৌদি আরবে। নিলামের তিন শহর ছিল- দুবাই, জেদ্দা ও আবুধাবি। আইপিএলের অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির অনুরোধের পর সম্প্রতি গভর্নিং কাউন্সিল নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত নেয়। আগামী বছর বড় নিলাম হওয়ার কথা থাকায় সেটি আবারও বিদেশে অনুষ্ঠিত হতে পারে।
বিসিসিআইয়ের প্রধান শর্ত ছিল, ভালো ভেন্যু এবং সেটি অবশ্যই পাঁচতারকা মানের হতে হবে। যেখানে ১০টি আইপিএল দলের বড় প্রতিনিধিদলসহ শতাধিকের বেশি অতিথির থাকার ব্যবস্থা থাকবে। ধারণা করা হচ্ছে, গোয়ায় এমন একটি উপযুক্ত হোটেল খুঁজে পেয়েছে বিসিসিআই।
২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় মৌসুমের নিলামও হয়েছিল গোয়ায়। সেই নিলাম স্মরণীয় হয়ে আছে ইংল্যান্ডের দুই তারকা কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু ফ্লিনটফকে ঘিরে। দুজনকেই সে সময় রেকর্ড ১৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে করে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। তখন সেটিই ছিল আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে কেনা খেলোয়াড়ের রেকর্ড।
তবে আরও বেশি আলোচনায় এসেছিল কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তাজাকে নিয়ে তীব্র দর-কষাকষি। শেষ পর্যন্ত নিলামের টেবিলে শাহরুখ খান নিজে উপস্থিত থেকে মাত্র ৫০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের মাশরাফিকে ৬ লাখ ডলারে কিনে নেয় কলকাতা।
এর আগে জানানো হয়েছে, নারী আইপিএলের (ডব্লিউপিএল) নিলাম আগামী ২৮ অক্টোবর কোচিতে অনুষ্ঠিত হবে।
ভোরের আকাশ/আ.র