ইনজুরিতে সাফে খেলা হচ্ছে না রোনান সুলিভানের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আক্রমণভাগে শক্তি বাড়ানোর আশায় প্রথমবারের মতো সিনিয়র দলে ডাক পেয়েছিলেন রোনান সুলিভান। কিন্তু চোটের কারণে সেই স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না। বাংলাদেশ দলের হয়ে সাফে খেলা হচ্ছে না অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম এই নায়কের। এতে টুর্নামেন্টের আগে স্ট্রাইকার সংকট নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচ থমাস ডুলিকে।
শনিবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে তাঁর বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। দল ও ফেডারেশন সূত্রে জানা গেছে, ইনজুরির কারণে তিনি সাফে খেলতে পারবেন না। এ কারণে তাঁর জন্য কাটা বিমান টিকিটও বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
রোনানের নভেম্বরে শুরুতেই বাংলাদেশে আসার পরিকল্পনা ছিল না। পরে কলেজের কোচের কাছ থেকে ছুটি পাওয়ার পর তিনি ফেডারেশনকে জানান, ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকতে পারবেন। সে অনুযায়ী আমেরিকান সময় ১ নভেম্বর রাতে তাঁর বিমানের টিকিট কাটা হয়। তবে ইনজুরির কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ভেস্তে গেছে।
১৮ অক্টোবর সাফের জন্য ২৮ সদস্যের প্রাথমিক তালিকা জমা দেওয়ার কথা ছিল। তবে স্বাগতিক হওয়ায় বাংলাদেশ এখনো তালিকা জমা দেয়নি। কোচ ডুলি অবশ্য ওই ২৮ জনের তালিকায় রোনান সুলিভানকে রেখেছিলেন। তাঁর না আসায় আক্রমণভাগ, বিশেষ করে স্ট্রাইকার পজিশন নিয়ে কোচের দুশ্চিন্তা আরও বেড়েছে। নতুন করে দল সাজাতে হবে তাঁকে।
এদিকে ক্যাম্পে থাকা ফুটবলারদের কয়েকজনও পুরোপুরি ফিট নন। বিশ্বনাথ এখনো শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি। অন্যদিকে জ্বর থেকে সেরে উঠেছেন মোরসালিন। এক দিনের বিরতির পর আজ সকালে ফুটবলারদের অনুশীলন করিয়েছেন কোচ ডুলি। তবে এখনো দুই দলে ভাগ করে ম্যাচ অনুশীলন করাতে পারেননি তিনি।
৫ নভেম্বরের ম্যাচের আগে হামজা ও ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছে না বাংলাদেশ। এ ছাড়া দলে ডাক পাওয়া ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম এখনো ক্যাম্পে যোগ দেননি। আগামীকাল তাঁর অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে সাফের আগে পূর্ণাঙ্গ দল গুছিয়ে নিতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন কোচ থমাস ডুলি।
ভোরের আকাশ/সু.পা