সেনেগালকে হারিয়ে ব্রাজিলের উল্লাস

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ান ব্রাজিল। অথচ সেনেগালকে এতদিন হারাতে পারেনি ব্রাজিল। সে আক্ষেপ দূর হলো আজ। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে তেরাঙ্গার সিংহদের ২-০ গোলে হারাল ব্রাজিল। কার্লো আনচেলত্তির দলের হয়ে একটি করে গোল করেছেন এস্তেভাও ও কাসেমিরো।

২০১৯ সালের অক্টোবরে প্রথমবার মুখোমুখি হয় ব্রাজিল ও সেনেগাল, যেখানে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ২০২৩ সালের জুনে পরের সাক্ষাতে ব্রাজিল হার মানে সেনেগালের কাছে। এবার সেই হারের প্রতিশোধ নিল আনচেলত্তির শিষ্যরা। আফ্রিকান কোনো দেশের বিপক্ষে এটি ছিল তাদের পঞ্চম ম্যাচ, আর প্রথম জয়। এর আগে তারা মরক্কো ও ক্যামেরুনের কাছেও হেরেছিল।
ম্যাচের শুরুতে ব্রাজিলকে দু’বার হতাশ করে গোলপোস্ট। চতুর্থ মিনিটে ম্যাথিউস কুনহার শট পোস্টে লাগে, আর ১৭ মিনিটে তার হেড ক্রসবারে আঘাত করে। এর মাঝে ভিনিসিয়ুসের দূরপাল্লার শট ঠেকান সেনেগাল গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি।
শেষ পর্যন্ত ২৮তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। কাসেমিরোর থ্রু বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে এস্তেভাওয়ের সামনে পড়ে। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড বাম পায়ের শটে গোল করেন।৩৫তম মিনিটে ব্যবধান বাড়ান কাসেমিরো। রদ্রিগোর নিখুঁত ফ্রি কিক থেকে বল পেয়ে প্রতিপক্ষ রক্ষণের ফাঁক গলে মেন্দিকে পরাস্ত করেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।
বিশ্বকাপ বাছাইপর্ব শেষে গত মাসে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল—দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারালেও জাপানের কাছে ৩-২ গোলে হেরে যায়। ব্রাজিল কোচ হিসেবে আনচেলত্তির এটি সাত ম্যাচে চতুর্থ জয়। আগামী মঙ্গলবার আরেকটি প্রীতি ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
ভোরের আকাশ/এসএইচ