বাংলাদেশের অধিনায়ক হতে রাজি হামজা

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কত্ব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। তিনি জানিয়েছেন, কোচ যদি চান, তবে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হতে তিনি প্রস্তুত ও রাজি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটিতে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামজা এই মন্তব্য করেন। তবে অধিনায়কত্ব পাওয়ার জন্য তার কোনো বাড়তি তাড়াহুড়ো নেই। দলের সিনিয়র ও অভিজ্ঞ খেলোয়াড়দের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে তিনি বলেন যে, দলে এমন অনেক ফুটবলার আছেন যারা দেশের হয়ে প্রায় ১০০টি ম্যাচ খেলেছেন এবং তাদের সেই অভিজ্ঞতাই দলের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নেতৃত্ব পাওয়ার চেয়ে দলের ঐক্য, পারস্পরিক বোঝাপড়া এবং ড্রেসিংরুমের পরিবেশ রক্ষা করাকেই তিনি বেশি প্রাধান্য দিচ্ছেন।
প্রায় অর্ধযুগের বেশি সময় বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলন করলেও অনেক ম্যাচের একাদশেই থাকেন না। আবার নিয়মিত না খেলারও নজির আছে। হামজা বাংলাদেশে আসার পর থেকে তার হাতে আর্মব্যান্ড দেওয়ার একটা আলোচনা শোনা যায়। এবার জানা গেল, কোচ চাইলে অধিনায়ক হতে চান তিনি।
মাঠে যিনিই অধিনায়কত্ব করুন, ড্রেসিংরুমে সবার মধ্যে একতা রয়েছে যে সেটা স্পষ্টভাবেই বলেছেন হামজা, ‘অ্যান্ড ইউ নো ইন দ্য চেঞ্জিং রুম এভরিওয়ান ইজ অন দ্য সেইম পেইজ, ইটস ভেরি মাচ আ ফ্যামিলি ফিল। হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। অ্যান্ড ইউ নো ইটস হোয়াটএভার দ্য ডিসিশন।’
২০২৫ সালের মার্চ মাসে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাই দিয়ে হামজার বাংলাদেশ জার্সি দিয়ে অভিষেক। এশিয়ান কাপ বাছাইয়ের হোম-অ্যাওয়ে মিলিয়ে ৬ ম্যাচ। এর মাঝে নেপাল ও ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলেছেন। সাফ চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম খেলবেন হামজা।
২০০৩ সালের পর আবারও বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনায়। ফুটবলপ্রেমীদের এই প্রত্যাশা নিয়ে হামজা বলেন, ‘আমি জানি, দেশবাসী শিরোপা চায়। আমার ও দলের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। সিঙ্গাপুর, হংকংয়ের সঙ্গে আমরা খেলেছি, অলরেডি ইন্ডিয়ারে বিট করছি। আমরা জানি আমরার আরও লেভেলস আছে, আমরা আরও ভালা খেলতাম পারমু। সো ইনশা-আল্লাহ এই স্টেজ ও টুর্নামেন্টে আমরা জিততাম পারমু।’
সাফ নিয়ে যেমন প্রত্যাশা আবার এর বিপরীতেও চাপ অনেক। ঘরের মাঠে সাফের প্রত্যাশা অনেকটাই মূলত হামজাকে ঘিরেই। যা নিয়ে এই তারকা মিডফিল্ডার বলেন, ‘আমি খুব এক্সাইটেড, অবভিয়াসলি অল গেম খুব ইম্পর্ট্যান্ট। আমি জানি আমাদের ওপর খুব প্রেশার আছে। বাট আমরা সবাই ইনশাআল্লাহ সাফ চ্যাম্পিয়ন হইতাম চাই।’
ভোরের আকাশ/আ.র