নাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলের

গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও ‘পতিত ফ্যাসিস্ট’ শক্তির হামলার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সংসদের বিরোধী দল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি ও সরকারের জবাবদিহি দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গত দুদিন ধরে দেশে ব্যাপক নাশকতা ও নৈরাজ্য চলছে। পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে।
বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।
সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দেশের এই পরিস্থিতি মোকাবিলায় সরকার গত সাত মাস ধরেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সংবিধান সংশোধন বা রাজনৈতিক কোনো তৎপরতাও দেখা যাচ্ছে না। ফলে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা দেশে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি ও সরকারের জবাবদিহি দাবি করেন তিনি।
এরপর পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগ ও বেদনার সঙ্গে লক্ষ্য করছি, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নাশকতা চলছে। এমনকি আর্মি গলফ ক্লাবে ককটেল বিস্ফোরণ হয়েছে। এসবির সদর দপ্তরের গেটে হামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন ধরে ককটেল ফাটানো হচ্ছে। আজকেও সেখানে দুজন আহত হয়েছেন।’
নাশকতার বিভিন্ন ঘটনা তুলে ধরে তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্ত্রাসী দমনে গিয়ে সেনাবাহিনীর এক তরুণ সদস্য নিহত হয়েছেন। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপরও হামলা হচ্ছে। এতগুলো ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী, সেই প্রশ্ন তোলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা কাউকে গ্রেপ্তার করতে পারছে না। তিন-চারজনকে জনগণ ধরে পুলিশে দিয়েছে, কিন্তু বাহিনীর নিজস্ব কোনো উদ্যোগ নেই। বিজিবি, র্যাব, পুলিশ, এপিবিএন—সবাই থাকার পরও কেন এই অবস্থা?’
ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, ‘কাগজে-কলমে নিষিদ্ধ করে লাভ কী, যদি তারা অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করে? আমরা নিষিদ্ধ চেয়েছিলাম, যাতে তারা এ ধরনের কাজ করতে না পারে। সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। গোয়েন্দা সংস্থাগুলোও সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’
এ সময় ডা. শফিকুর রহমান একটি গুরুতর অভিযোগ তুলে বলেন, একটি গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে তাঁকে দল ছাড়ার কথা বলা হয়েছে। তিনি বলেন, ‘এটা ভুয়া হতে পারে, আবার সত্যও হতে পারে। আমি নম্বরটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেব। তারা যেন তদন্ত করে দেখে, এই সাহস কে পেল। আমরা কি আবার সেই পুরোনো গোয়েন্দা যুগে ফিরে যাচ্ছি?’
সবশেষে জাতির নিরাপত্তা নিশ্চিত করা, পতিত ফ্যাসিস্ট শক্তির তৎপরতা রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দাবি করেন বিরোধীদলীয় নেতা।
ভোরের আকাশ/এনএস