ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, একদিকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের বাইরে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি-ধমকি দিচ্ছেন এবং রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন, অন্যদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার সংকটের সময় দায়িত্বশীল জায়গায় থাকা কতিপয় সমন্বয়ক ও ছাত্রনেতা শ্রীমঙ্গলে ঘুরতে যাচ্ছেন।
তার মতে, এমন আচরণ জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের বর্তমান পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে এসব কথা বলেন তিনি।
রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা দেশের বাইরে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দিচ্ছেন। পাশাপাশি রাতের অন্ধকারে টুকাই ও রিকশাচালকদের ব্যবহার করে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন।
তিনি আরও বলেন, পলাতক অপশক্তি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও শরীয়তপুরের মতো নির্দিষ্ট কিছু স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে তারা মূলত জেলে থাকা নিজেদের বিপুলসংখ্যক নেতাকর্মীর অবস্থানকে আরও বেশি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে ডিসেম্বর ঘিরে দেওয়া হুমকি-ধমকিকে অবাস্তব আখ্যা দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, ১৯৭১ সালের পর বাংলাদেশে সবচেয়ে জমকালোভাবে বিজয়ের মাস উদযাপন করা হবে। ১ ডিসেম্বর থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের উদ্যোগে বিজয় উৎসব পালন করা হবে।
ছাত্রদল সভাপতি বলেন, গত সাড়ে ১৫ বছরে সংগঠনটির শতাধিক নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। আর ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। এ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কেউ গুম বা হত্যার শিকার হননি।
গণঅভ্যুত্থানের পর বিশেষ একটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব ও সমন্বয়কদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন রাকিব। তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার সংকট তৈরি হলেই একটি পক্ষ গুপ্ত অবস্থানে চলে যায়।
বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে কিছু নেতার পরিবারকে সময় দেওয়া কিংবা শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার বিষয়টি অত্যন্ত ব্যথিত করার মতো বলে মন্তব্য করেন তিনি।
অতীতের গণঅভ্যুত্থানের সময়ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কেনাকাটা ও পারিবারিক কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে বলে দাবি করেন রাকিব। তিনি বলেন, তাদের যদি 'গুপ্ত রাজনীতি' করার ইচ্ছা থাকে কিংবা কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয়, তাহলে ছাত্রদলই সেই প্রশিক্ষণ সেশনের ব্যবস্থা করবে।
দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান ছাত্রদল সভাপতি।
একই সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টার জন্য তাদের ধন্যবাদ জানান তিনি।
ভোরের আকাশ/এনএস