পাকিস্তানের দুই কোচের বাংলাদেশ অধ্যায় শেষ

পাকিস্তানি দুই কোচ শাহেদ মাহমুদ ও আরশাদ খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে দেশে ফিরছেন। চাকরির মেয়াদ না বাড়ায় তাদের বাংলাদেশ দলের কোচিং অধ্যায়ের ইতি ঘটল। তাদের পরিবর্তে কারা দায়িত্ব নেবেন, তা এখনো নিশ্চিত করেনি বিসিবি।
বাংলাদেশে কোচ হয়ে এসেছিলেন শাহেদ মাহমুদ দুই বছর আগে। বিসিবির গেম ডেভলেপমেন্ট কমিটির বোলিং প্রোগ্রাম বিভাগে দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত ‘স্পিনিং হান্ট’ কার্যক্রম এবং বয়সভিত্তিক দলের ক্যাম্পে স্পিনারদের নিয়ে কাজ করেছেন শাহেদ মাহমুদ।
তবে নতুন করে শাহেদের সঙ্গে চুক্তি আর নবায়ন করেনি বিসিবি। ফলে বিসিবির সঙ্গে আর কোনো সম্পর্ক থাকছে না তার। বুধবার (৮ জুলাই) পাকিস্তানে ফিরে যাবেন এই কোচ।
অন্যদিকে গেম ডেভলেপমেন্ট বিভাগের আরেক পাকিস্তান কোচ আরশাদ খানের সঙ্গেও চুক্তি নবায়ন করেনি বিসিবি। গেল ২ বছর ধরে তিনিও বয়সভিত্তিকের বিভিন্ন প্রোগ্রামে স্পিনারদের নিয়ে কাজ করে যাচ্ছিলেন। নতুন করে চুক্তি না হওয়ায় তিনিও বাংলাদেশ ছাড়ছেন।
আরশাদও নিজ দেশে পাকিস্তানের উদ্দেশ্যে বুধবার (৮ জুলাই) ঢাকা ছাড়বেন। তবে তাদের জায়গায় কোন কোচ আসবেন, সেটি এখনো নিশ্চিত করে জানা যায়নি।
ভোরের আকাশ/সু.পা