অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

বয়সভিত্তিক ক্রিকেটে এটাই কি সর্বকালের সেরা ম্যাচ? একে একে সব সমীকরণ দেখলেই এই প্রশ্নের উত্তর মিলবে। লক্ষ্য ৩৩৮ রানের।
এক পর্যায়ে ভারত ২৫২ রানে হারিয়ে ফেলল ৮ উইকেট। তখনো দরকার ৫১ বলে ৮৬ রান। ক্রিজে একমাত্র স্বীকৃত ব্যাটার মানাল চৌহান। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের জয় তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল।
কিন্তু এরপরই বোলার মোহিত উলভাকে নিয়ে ভারতকে লড়াইয়ে ফেরালেন মানাল। দুজন গড়লেন ৩৫ বলে ৫৭ রানের জুটি। মানালের আউটে এই জুটি ভাঙার পর ম্যাচ আবার পাকিস্তানের মুঠোয়। কারণ, শেষ উইকেট জুটিতে তখন ভারতের দরকার ১৬ বলে ২৯ রান।
ক্রিজে দুই বোলার মোহিত উলভা ও চিগুরুপাতি ভেঙ্কাটা। এই দুজনই রূপকথা লিখলেন। পাকিস্তানি বোলারদের হতচকিত করে মোহিত ও ভেঙ্কাটা গড়লেন ১৬ বলে ৩০ রানের অবিচ্ছিন্ন জুটি। শেষ বলে ৩ রান দরকার পড়লেও মোহিত মেরে দিলেন চার।
১ উইকেটের অবিশ্বাস্য জয়ে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে ৩ উইকেটে ২৯৯ রান করেছিল পাকিস্তান। তবে এরপর তাদের ব্যাটিংয়ে যেন মড়ক লাগে। ইনিংসের শেষ ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান করতে পারে তারা।
তবু ফাইনালের মতো স্নায়ুচাপের ম্যাচে ৩৩৮ রানের লক্ষ্যটা বিশালই ছিল। রান তাড়ায় শুরুটা অবশ্য দারুণ করেছিল ভারত। কিংবদন্তি বীরেন্দের সেহবাগের ছেলে আর্যবীর সেহবাগ ও অধিনায়ক লক্ষ্য রাজেশ রাইচন্দনি উদ্বোধনী জুটিতে গড়েন ৯৫ রান।
আর্যবীরের (৬১ বলে ৫৮) আউটে এই জুটি ভাঙার পর ভিকে ভিনিতের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে ভারতকে কক্ষপথে রাখেন রাজেশ। কিন্তু এরপর ভারতের মিডল অর্ডারে ধস নামান পাকিস্তানের রিজওয়ানউল্লাহ ও নিকাব শফিক।
ভারতের আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড় দারুণ শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। ১২ বলে ১৯ রান করে রানআউটে কাটা পড়েন তিনি।
তখন ভারত ম্যাচ থেকে ছিটকে পড়েছে বলেই মনে হচ্ছিল। কিন্তু এরপরই মানাল, মোহিত ও ভেঙ্কাটা পাকিস্তানের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে ভারতকে চ্যাম্পিয়ন বানালেন।
এ নিয়ে নবমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত। ২০২১ সালের পর এটিই তাদের প্রথম শিরোপা।
ভোরের আকাশ/এম