হন্ডুরাসকে হারালেও আর্জেন্টিনা দলে ইনজুরিতে বাড়ছে উদ্বেগ

বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তবে জয় পেলেও ম্যাচের আগে দলটি পেয়েছে একটি দুঃসংবাদ। মাংসপেশির চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, বালের্দির পরিবর্তে কাকে নেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
সতর্কবার্তা দিয়ে স্কালোনি বলেছেন, “অন্যদেরও মূল্যায়ন করা হবে।”
ম্যাচ শেষে স্কালোনিকে প্রশ্ন করা হয়, অলিম্পিক মার্শেইয়ের এই ডিফেন্ডারের বিকল্প হিসেবে কাউকে ইতোমধ্যে বেছে নেওয়া হয়েছে কি না। জবাবে তিনি জানান, শুধু একজন সেন্টার-ব্যাক নয়, আরও কয়েকজন খেলোয়াড়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফলে স্কোয়াডে আরও পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
বিশ্বকাপজয়ী এই কোচ বলেন, “আমাদের অনেক খেলোয়াড় এখনো শতভাগ ফিট নয়। তাই সিদ্ধান্তটি শুধু একজন সেন্টার-ব্যাককে ঘিরে হবে না। এ কারণেই আমাদের সামনে আরও একটি ম্যাচ রয়েছে। এরপরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। বালের্দির পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তার সতীর্থদেরও আরও গভীরভাবে মূল্যায়ন করতে হবে। অন্যরা কেমন করছে, তা না দেখে মঙ্গলবারের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।”
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ইনজুরি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা এবং লিয়ান্দ্রো পারেদেসকে ঘিরে। হন্ডুরাসের বিপক্ষে বেঞ্চে থাকা ছয় খেলোয়াড়ের মধ্যে ছিলেন তারা।
মন্তিয়েল ও মলিনা দুজনই পেশির সমস্যায় ভুগছেন। একই পজিশনের খেলোয়াড় হওয়ায় মূল একাদশে জায়গা পাওয়ার লড়াইটাও তাদের মধ্যে।
হন্ডুরাসের বিপক্ষে বেঞ্চে থাকা অন্যদের মধ্যে ছিলেন হুলিয়ান আলভারেজও। গোড়ালির ব্যথা থাকলেও তাকে বিশ্বকাপে পাওয়া যাবে বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ডান হাতের আঙুলে চোট পাওয়ায় এই ম্যাচে খেলেননি এমিলিয়ানো মার্তিনেজ। তবে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই তাকে পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে, বাঁ হাঁটুর চোট কাটিয়ে নিকো পাজ আজ (রোববার) দলের সঙ্গে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। তার ফেরাও আর্জেন্টিনা শিবিরে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।
ভোরের আকাশ/সু.পা