মেসির গোলের দিনে ইন্টার মায়ামির ঘরে আরও এক ট্রফি

লিওনেল মেসির পায়ের জাদুতে ইন্টার মায়ামির ট্রফি জয়ের তালিকায় যুক্ত হলো আরও একটি শিরোপা। আর্জেন্টাইন তারকার ক্লাবটির হয়ে ১০০তম গোলের মাইলফলকের ম্যাচে মেক্সিকোর লিগা এমএক্স চ্যাম্পিয়ন ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ক্যাম্পেওনেস কাপ জিতেছে ইন্টার মায়ামি।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নদের মুখোমুখি লড়াইটি অনুষ্ঠিত হয় ইন্টার মায়ামির ঘরের মাঠে। পজেশনে কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণে স্বাগতিকদের বেশ চাপে রেখেছিল ক্রুজ আজুল। তবে প্রতিপক্ষের ফিনিশিং ব্যর্থতার সুযোগ নিয়ে মেসি ও ক্যাসেমিরোর গোলে জয় নিশ্চিত করে মায়ামি।
ম্যাচের ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করেন মেসি। ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১৫ ম্যাচে এটি ছিল তাঁর ১০০তম গোল। কাকতালীয়ভাবে, মায়ামির জার্সিতে মেসির প্রথম গোলটিও এসেছিল ক্রুজ আজুলের বিপক্ষে। ২০২৩ সালের জুলাইয়ে ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচে যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে গোল করে মেক্সিকোর দলটিকে ২-১ ব্যবধানে হারিয়েছিলেন তিনি।
ম্যাচের ৮১তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে ইন্টার মায়ামির ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের শেষ পাঁচ ম্যাচে এটি চতুর্থ গোল। তাঁর চারটি গোলই এসেছে হেড থেকে। এর আগে সিএফ মন্ট্রিয়েল, আটলান্টা ইউনাইটেড ও শিকাগোর বিপক্ষে টানা তিন ম্যাচে গোল করেছিলেন তিনি। তবে শনিবার ন্যাশভিলের বিপক্ষে গোলের দেখা পাননি।
মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার তিন বছর পর ক্লাবটির ট্রফির সংখ্যা আরও বাড়ল। ২০২৩ সালে লিগস কাপ দিয়ে শিরোপা জয়ের যাত্রা শুরু করার পর ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড ও ২০২৫ সালে এমএলএস কাপ জেতে মায়ামি। এবার সেই তালিকায় যুক্ত হলো ক্যাম্পেওনেস কাপ।
ভোরের আকাশ/সু.পা