তাসকিন-হাসানের জোড়া আঘাতে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্টে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে ধাক্কা দিয়েছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নেমে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বোলিং নৈপুণ্যে দ্রুত দুই উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। যদিও ইনিংসের দ্বিতীয় ওভারেই সহজ ক্যাচ মিস করে উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া করেন সাদমান ইসলাম।
টস হেরে আগে বোলিংয়ে নেমে শুরুতে কিছুটা অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। হাসান মাহমুদের করা দ্বিতীয় ওভারে সেকেন্ড স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন জশুয়া ডি সিলভা। তবে বল হাতে এসেও সেটি তালুবন্দি করতে পারেননি সাদমান। ফলে শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ নষ্ট হয় বাংলাদেশের।
তবে সেই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পঞ্চম ওভারে তাসকিন আহমেদের দুর্দান্ত ইনসুইংয়ে বোল্ড হন ব্রেন্ডন কিং। ফুলার লেন্থের বলটি মিডউইকেটে ফ্লিক করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাট-বলের সংযোগ না হওয়ায় বলটি সরাসরি আঘাত করে স্টাম্পে। ১৮ বলে ৯ রান করে ফেরেন কিং। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপর পরের ওভারেই দ্বিতীয় উইকেট তুলে নেন হাসান মাহমুদ। তাঁর করা ইনসুইং ডেলিভারি ছেড়ে দিতে গিয়ে বিপদে পড়েন ওয়ানডাউনে নামা কাভেম হজ। প্রথম বলটি ছেড়ে দেওয়ার পর একইভাবে আরেকটি বল ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু বলটি স্কিড করে এসে আঘাত করে মিডল স্টাম্পে। মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন হজ। ফলে ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা।
এদিকে সিলেট টেস্টে দুই দলই একাদশে দুটি করে পরিবর্তন এনেছে। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন না ওপেনার জনাথন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল। তাঁদের জায়গায় দলে এসেছেন উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা ও অভিষেক হওয়া কেভিন উইকহ্যাম।
ভোরের আকাশ/সু.পা