২৮ ছক্কায় ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের ১৫ পেরুনো বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী। তার এই অবিশ্বাস্য তাণ্ডবে সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪.২ ওভারেই পেরিয়ে বড় জয় তুলে নিয়েছে ভারত 'এ' দল।
মঙ্গলবার দোহায় এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬ টুর্নামেন্টে রান তাড়া করতে নেমে মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন বৈভব। ইনিংসজুড়ে ২৮টি ছক্কা হাঁকিয়ে লিস্ট 'এ' ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ডটিও নিজের করে নিয়েছেন এই তরুণ।
ডাবল সেঞ্চুরির রেকর্ডে বৈভব ভেঙেছেন নিউজিল্যান্ডের ব্যাটার চ্যাড বোসের কীর্তি। ২০২৪ সালের ২৩ অক্টোবর ক্রাইস্টচার্চে ফোর্ড ট্রফিতে ওটাগোর বিপক্ষে ক্যান্টারবুরির হয়ে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন বোস (সেই ইনিংসে ১১০ বলে ২০৫ রান করেছিলেন তিনি)। বৈভব সেই রেকর্ডটি নিজের দখলে নিলেন প্রায় অর্ধেক বল খেলে।
এক ইনিংসে সর্বোচ্চ ২৩ ছক্কার আগের রেকর্ড ছিলো অস্ট্রেলিয়ার ডার্সি শটের, ২৩টি। বৈভব মারলেন আরও ৫টি বেশি।
এর আগে ইনিংসের শুরুতে লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন বৈভব। মাত্র ২৮ বলে তিন অঙ্ক ছুঁয়ে তিনি পেছনে ফেলেন অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে (২০২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি)। সেঞ্চুরি করার পথে তিনি ১৬টি ছক্কা এবং ৫টি চার হাঁকান। সব ধরনের পেশাদার ক্রিকেট মিলিয়েও এটি বৈভবের দ্রুততম সেঞ্চুরি; গত বছর দোহায় আরব আমিরাতের বিপক্ষেই ভারত 'এ' দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে করা ৩২ বলের সেঞ্চুরিটিকে ছাড়িয়ে গেছেন তিনি।
বৈভবের ব্যাটিং কতটা বিধ্বংসী ছিল তা বোঝা যায় ভারতের দলীয় স্কোরকার্ড দেখলে। তিনি যখন সেঞ্চুরিতে পৌঁছান, তখন ৬.৩ ওভারে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ১২২ রান—অর্থাৎ অন্য ব্যাটাররা ১১ বলে যোগ করেছিলেন মাত্র ১৯ রান। ওয়ানডে ম্যাচে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে প্রথম ১০ ওভারের পাওয়ার প্লে-র শেষ বলেই নিজের ১৫০ রান পূর্ণ করেন বৈভব।
তার এমন টর্নেডো ইনিংসের ওপর ভর করে সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ২৫০ রানের লক্ষ্য শেষ পর্যন্ত মাত্র ৮৬ বলেই (১৪.২ ওভার) জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত 'এ'।
ভোরের আকাশ/এনএস