লিগ শুরুর পাঁচ দিনেই সূচি বদল, নতুন জটিলতায় বাফুফে

শুরু হতে না হতেই ঘরোয়া ফুটবলের লিগ ও ফেডারেশন কাপের সূচি নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে ক্লাবগুলোর মধ্যে। লিগ শুরুর মাত্র পাঁচ দিনের মধ্যেই দুই দফা সূচি পরিবর্তন করেছে বাফুফে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল লিগ দিয়ে নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হয়। শুরুতে ১০ ক্লাবের দাবি বিবেচনায় না নিয়ে খেলা মাঠে গড়ানোর পর মোহামেডানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের লিগ ও ফেডারেশন কাপের প্রথম দুটি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়। এতে আপত্তি জানায় আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন।
দুই ক্লাবের পক্ষ থেকে বাফুফেকে দেওয়া চিঠিতে বলা হয়, সূচি পরিবর্তনের ক্ষেত্রে সব ক্লাবের সঙ্গে সমান আচরণ করা উচিত। লিগ বা ফেডারেশন কাপের ম্যাচ পিছিয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। তবে একটি ক্লাবের আবেদনে ম্যাচ পিছিয়ে দেওয়ায় বিষয়টি নিয়ে আপত্তি তোলে আবাহনী ও ব্রাদার্স।
তাদের চিঠির পরিপ্রেক্ষিতে ১২ ঘণ্টার মধ্যেই আবাহনী ও ব্রাদার্সের ফেডারেশন কাপের ম্যাচ পিছিয়ে দেয় বাফুফে। মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা ছিল ফেডারেশন কাপ। সূচি অনুযায়ী ওই দিন আবাহনী ও চট্টগ্রাম সিটি এফসি এবং ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের ম্যাচ হওয়ার কথা ছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মানিকগঞ্জে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের ম্যাচটি এক দিন পিছিয়ে বুধবার অনুষ্ঠিত হবে। একই দিনে মুন্সিগঞ্জে আবাহনী ও চট্টগ্রাম সিটি এফসির ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
তবে সূচি পরিবর্তনের পরও জটিলতা পুরোপুরি কাটেনি। আবাহনী তাদের লিগের প্রথম ম্যাচও পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।
আবাহনী ও ব্রাদার্সের চিঠির পর দুই ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জরুরি বৈঠকের সিদ্ধান্ত নেয় বাফুফে। তবে পরে ফেডারেশন কাপের ম্যাচ দুটি পিছিয়ে দেওয়ায় সেই সভা আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আবাহনীর ম্যানেজার শহীদ সোহেন স্বপ্ন বলেন, ‘আমাদের খেলা আজ ও আগামীকাল হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সন্ধ্যায় দেখি সভায় বাফুফে কী বলে। এরপর সিদ্ধান্ত।’
বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, ‘দুই ক্লাবের প্রতিনিধি ডাকা হয়েছিল। পরে তাদের খেলা পিছিয়ে দেওয়া হয়েছে। তাই এ সভা হয়তো আর হবে না।’
ভোরের আকাশ/সু.পা