সাফে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার (১১ নভেম্বর) নিয়মরক্ষার ম্যাচে সেমিফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি হামজাদের লক্ষ্য গ্রুপ সেরা হওয়ার।
সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। এর আগে বিকেল সাড়ে ৩টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও মালদ্বীপ।
রোববার (৮ নভেম্বর) গ্রুপ ‘এ’তে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলের ড্রয়ের পরই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বদলি ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে আসর শুরু করে লাল-সবুজের দল।
এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা। ড্র করলেও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে পারবে স্বাগতিকরা। আর জয় পেলে নকআউট পর্বের আগে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে।
সেমিফাইনাল নিশ্চিত হলেও শ্রীলঙ্কা ম্যাচে নিজেদের সেরা দল নিয়েই খেলতে চায় বাংলাদেশ। ক্লাবের ব্যস্ততা থাকায় প্রথম ম্যাচে খেলতে পারেননি দলের প্রাণভোমরা হামজা চৌধুরী। ইংল্যান্ডে ক্লাবের দায়িত্ব শেষ করে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তারকা এই মিডফিল্ডার। ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও দলে যোগ দিয়েছেন। এতে আক্রমণভাগের শক্তি আরও বেড়েছে।
তবে শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে চোটের থাবাও পড়েছে। সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে থেকেই বাংলাদেশ স্কোয়াড ইনজুরিতে ভুগছিল। প্রবাসী ফুটবলার রোনান সুলিভান চোটের জন্য আমেরিকা থেকে বাংলাদেশেই আসতে পারেননি। ভুটান ম্যাচে ইনজুরির জন্য একাদশ ঘোষণার পরও খেলতে পারেননি তপু বর্মণ। এবার ইনজুরির থাবায় পড়েছেন বিশ্বনাথ ঘোষ।
এদিকে, শ্রীলঙ্কাকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে নিজেদের শক্তির জানান দিয়েছে তারা। ওই ম্যাচে গোল করেন অলিভার জেমস ও আহমেদ ওয়াসিম রাজেক। বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও এখন প্রবাসী ফুটবলারদের দিয়ে দল সাজাচ্ছে। আজকের ম্যাচটি তাই দুই দলের জন্যই নিজেদের সামর্থ্য প্রমাণের চ্যালেঞ্জ।
ঘরের মাঠে দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর লক্ষ্যে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে আঞ্চলিক এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর সেমিফাইনালে খেলবে তারা। গ্রুপ ‘বি’-র ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে বাংলাদেশের প্রতিপক্ষ।
ভোরের আকাশ/সু.পা