৬৯ বছর পর ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ

২০৩১ এবং ২০৩৫ সালের নারী বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফিফা। বর্ধিত সংস্করণের এই দুই বিশ্বকাপ দেখবে যৌথ আয়োজন। ২০৩৫ সালের বিশ্বকাপ দিয়ে দীর্ঘ ৬৯ বছর পর ফিফা আসর বসবে ইংল্যান্ডের মাটিতে।
এমন একটা মুহূর্তের জন্যই দীর্ঘ ৬০ বছর অপেক্ষা করছে ইংল্যান্ড। ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য ইংলিশদের দীর্ঘ অপেক্ষার শেষ হচ্ছে সোমবার।
নিয়ম অনুযায়ী, ২০৩১ এবং ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের বিডের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে এদিন। তবে, ২০৩৫ সালের বৈশ্বিক আসরের জন্য বিড করেনি কোনো দেশই। যুক্তরাজ্যের মাটিতেই তাই নারী ফুটবলের সর্বোচ্চ আসর হচ্ছে, তা পুরোপুরি নিশ্চিত। ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজনেও দেখা যাবে ভিন্নতা। প্রথমবারের মতো চার দেশে হবে নারী বিশ্বকাপ। উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা এবং জ্যামাইকায় হবে ৫ বছর পরের বৈশ্বিক আসরটি।
জ্যামাইকা এবং কোস্টারিকার জন্য এটিই হবে প্রথম ফিফা আসরের আয়োজন। অন্যদিকে ২০৩৫ সালের বিশ্বকাপ দিয়ে প্রথমবার আয়োজকের খাতায় নাম তুলবে স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ড।
২০৩৫ সালের সেই আসরে ইংল্যান্ডের ১৪টি ভেন্যুর পাশাপাশি নর্দান আয়ারল্যান্ডের একটি এবং ওয়েলস ও স্কটল্যান্ডের দুইটি করে ভেন্যু থাকছে এই তালিকায়। ১৯ স্টেডিয়ামের মাঝে শঙ্কায় আছে কেবল ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড। প্রস্তাবিত নতুন ভেন্যু তৈরি না হলে সেখান থেকে সরে যেতে পারে বিশ্বকাপের ম্যাচ।
ফিফার এই আয়োজনের আগে নিজেদের প্রস্তুতির জন্য ভাল সুযোগও পাচ্ছে যুক্তরাজ্য। ২০২৮ সালের ইউরো আয়োজনের দায়িত্ব থাকছে তাদের কাঁধে। দীর্ঘ অপেক্ষা শেষে পরপর দুই বড় আয়োজনের দায়িত্ব পেয়ে তৃপ্ত যুক্তরাজ্যের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এফএ।
ভোরের আকাশ/এনএস