ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস, চ্যাম্পিয়ন হচ্ছে মরক্কো!

আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কো ও সেনেগালের মধ্যকার বিতর্কিত ম্যাচের শিরোপা-সংক্রান্ত মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ রায় ঘোষণার কথা রয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই রায়ের বিষয়ে তথ্য ফাঁসের দাবি উঠেছে। মরক্কোর ফুটবল ফেডারেশনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সিএএসের সিদ্ধান্তে চ্যাম্পিয়ন হিসেবে মরক্কোর নামই বহাল থাকছে।
গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে মরক্কোকে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। তবে ম্যাচের মাঠের লড়াই শেষ হলেও পরবর্তী সময়ে তা আইনি বিরোধে গড়ায়। মার্চের মাঝামাঝি সময়ে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে।
ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়েরা একপর্যায়ে মাঠ ছেড়ে চলে যান। পরে মাঠে ফিরে খেলায় অংশ নেন তাঁরা। অতিরিক্ত সময়ে পাপে গুয়ের গোলে জয় পায় সেনেগাল। তবে ম্যাচ চলাকালে সেনেগালের খেলোয়াড়দের মাঠ ছাড়ার ঘটনাকে নিয়মবহির্ভূত দাবি করে মরক্কোর ফুটবল ফেডারেশন।
আফ্রিকা কাপ অব নেশনসের নীতিমালার ৮২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময় শেষ হওয়ার আগে রেফারির অনুমতি ছাড়া কোনো দল মাঠ ছাড়লে বা খেলতে অস্বীকৃতি জানালে সেই দলকে পরাজিত ঘোষণা করে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া যেতে পারে। এই বিধানের ভিত্তিতে সিএএফ সেনেগালকে ৩-০ গোলে পরাজিত ঘোষণা করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা মামলার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কয়েক মাস ধরে বিষয়টি পর্যালোচনা করেছে সিএএস। দুই পক্ষের যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি বিশ্লেষণের পর আফ্রিকান ফুটবল সংস্থার সিদ্ধান্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে আদালত। ফলে মরক্কোর চ্যাম্পিয়ন থাকার বিষয়টি বহাল থাকতে পারে।
একই সূত্রের দাবি, রায়ের তথ্য ফাঁসের বিষয়ে মরক্কোর ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে আইনি লড়াইয়ে নিজেদের অবস্থান নিয়ে তাঁরা আশাবাদী। তাঁদের মতে, ম্যাচ বয়কটের ঘটনা প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘনের শামিল। যদিও সেনেগালের খেলোয়াড়দের মাঠ ছাড়ার পেছনে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদই মূল কারণ ছিল।
তবে সিএএসের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত শিরোপার চূড়ান্ত মালিকানা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, মরক্কোর পক্ষে রায় আসার সম্ভাবনার কথা বলা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ক্রীড়া আদালত।