টানা দুই হারে পাকিস্তান দলে ৭ পরিবর্তন

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে টানা দুই হারের পর পাকিস্তান ক্রিকেট দলে বড় ধরনের ওলটপালট শুরু হয়েছে। সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই তৃতীয় টেস্টের আগে দল থেকে সাত ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি কোচিং স্টাফেও আনা হয়েছে বড় পরিবর্তন।
প্রথম দুই টেস্টে ব্যর্থতার দায়ে দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, আলী উসমান, আমির জামাল, মুহাম্মদ আওয়েস জাফর ও খুররম শাহজাদ।
তৃতীয় টেস্টের দলে নতুন করে ডাক পেয়েছেন সাইম আইয়ুব, আবদুল্লাহ ফজল, আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান ও রেজাউল্লাহ।
কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ ওমর গুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে সাদা বলের প্রধান কোচ মাইক হেসন ও অ্যাশলে নোফ সাময়িকভাবে লাল বলের দলের দায়িত্ব পালন করবেন।
জিও নিউজের একটি অনুষ্ঠানে নির্বাচক কমিটির পক্ষ থেকে পুরো পরিস্থিতির দায় স্বীকার করে আকিব জাভেদ বলেন, মেধার ভিত্তিতে ১৭ সদস্যের দল নির্বাচন করা নির্বাচকদের দায়িত্ব। তবে কোন ম্যাচে কোন একাদশ মাঠে নামবে, সেই মূল সিদ্ধান্ত অধিনায়ক ও প্রধান কোচের।
তারকা ক্রিকেটারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প ছিল না বলেও জানান আকিব। তাঁর মতে, সিরিজ ইতোমধ্যে হাতছাড়া হওয়ায় এখন নতুনদের সুযোগ দেওয়ার পাশাপাশি পাকিস্তানের তৈরি করা প্রতিভাগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরার উপযুক্ত সময়।
পেশির টানের কারণে ইমাম-উল-হক পুরো টেস্টে ব্যাট করতে না পারার বিষয়টিকেও বড় প্রশ্ন হিসেবে দেখছেন আকিব। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে সাবেক কোচ জেসন গিলেস্পির তোলা অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন আকিব জাভেদ। তিনি জানান, জাতীয় দলের প্রধান কোচ হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। পিসিবির নির্দেশেই তিনি সাময়িকভাবে দায়িত্ব পালন করছেন।
দল নির্বাচনের কারণ ব্যাখ্যা করতে পিসিবির নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ, মিসবাহ-উল-হক ও আসাদ শফিককে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যেই নির্বাচক কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।
ভোরের আকাশ/সু.পা