গুরুতর চোটে সাফ থেকে ছিটকে গেলেন সাদ উদ্দিন

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়, হামজা-ফারহানের নৈপুণ্য আর দীর্ঘদিন পর বাংলাদেশের দৃষ্টিনন্দন ফুটবল—সব মিলিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে আনন্দের আবহ ছিল সমর্থকদের মধ্যে। তবে সেই আনন্দের মাঝেই দুঃসংবাদ হয়ে এসেছে ডিফেন্ডার সাদ উদ্দিনের চোট। গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়ায় চলতি সাফে আর খেলা হচ্ছে না এই ফুটবলারের।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন সাদ। চোটের তীব্রতা এতটাই ছিল যে স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিতে হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় এই ডিফেন্ডারকে। পরীক্ষার প্রতিবেদনে তাঁর গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার প্রয়োজন হবে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তবে দলীয় সূত্র জানিয়েছে, চলতি সাফে তাঁর আর খেলার সম্ভাবনা নেই।
এর আগে আসিয়ান কাপেও ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন সাদ। সাফ চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচেই বাংলাদেশের প্রথম একাদশে ছিলেন তিনি। রক্ষণভাগ সামলেছেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। ফর্মে থাকা এই ডিফেন্ডারের চোট কোচ থমাস ডুলির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বুধবার ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে ডুলি জানিয়েছিলেন, সাদের চোট গুরুতর। এই টুর্নামেন্টে তাঁকে আর পাওয়া না-ও যেতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে অনুশীলনে নামে বাংলাদেশ দল। বুধবারের ম্যাচে যারা খেলেননি, তাঁরাই মূলত এ সেশনে অংশ নেন। তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষও অনেকটা পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ফুটবলাররা হোটেলে রিকভারি সেশনে থাকবেন।
বুধবার রাতে ম্যাচ খেলার পর বৃহস্পতিবার সকালেই অনুশীলনের বিষয়টি সাফ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সমন্বয় নিয়ে প্রশ্ন তুলেছে। ঘরের মাঠে আট বছর পর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে বাংলাদেশ। হামজা চৌধুরীদের দারুণ পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের মনোযোগ এখন জাতীয় দলকে ঘিরে। তবে এই সময়ে দায়িত্বপ্রাপ্ত দলনেতা ও বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেনকে গত কয়েক দিন অনুশীলন মাঠ কিংবা স্টেডিয়ামে দেখা যায়নি।
দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু থাকলেও বিভিন্ন কাজের সমন্বয় করতে হচ্ছে কো-অর্ডিনেটর আমের খানকে। এ ছাড়া দলের আনুষ্ঠানিক কোনো পদে না থাকলেও বাফুফের সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ সাফের ক্যাম্প শুরুর পর থেকে দলের প্রয়োজনে নিয়মিত ছুটে বেড়াচ্ছেন অনুশীলন মাঠ, হোটেল ও বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায়।
ভোরের আকাশ/সু.পা