আর্জেন্টিনার কোচ হতে চান আন্তোনিও মোহামেদ

লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে যখন আর্জেন্টিনা জাতীয় দলে অনিশ্চয়তা কাটছে না, তখন আলবিসেলেস্তেদের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আন্তোনিও মোহামেদ। বর্তমানে মেক্সিকান ক্লাব টলুকার দায়িত্বে থাকা ৫৬ বছর বয়সী এই কোচ মনে করেন, দীর্ঘদিনের খেলোয়াড়ি ও কোচিং অভিজ্ঞতার কারণে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য তিনি প্রস্তুত।
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্কালোনির ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনি থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতেই নিজের আগ্রহের কথা জানালেন মোহামেদ।
আর্জেন্টাইন রেডিও ‘লা রেদ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মোহামেদ বলেন, ‘ফুটবলে এতদিন কাটানোর পর যে কেউ যোগ্যতা অর্জনের স্বপ্ন দেখে। আমার বয়স এখন ৫৬ বছর। ১৯৮৬ সালে ড্রেসিংরুমে আমার অভিষেক হয়েছিল। ফুটবলে ৪০ বছর ধরে আছি, যার মধ্যে ২০ বছরের বেশি সময় কোচিং করাচ্ছি। আমি প্রস্তুত।’
জাতীয় দলের প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন মোহামেদ। তিনি বলেন, ‘আর্জেন্টিনা জাতীয় দল সবার ওপরে। আমি জাতীয় দলের একজন অনুরাগী।’
২০০৩ সালে মেক্সিকোর ক্লাব জাকাতেপেকের কোচ হিসেবে মোহামেদের কোচিং ক্যারিয়ার শুরু হয়। এরপর মেক্সিকো, আর্জেন্টিনা, স্পেন ও ব্রাজিলের বিভিন্ন ক্লাবে দায়িত্ব পালন করেছেন তিনি।
আর্জেন্টিনায় হুরাকানকে ২০০৭ সালে প্রথম বিভাগে তুলে আনার কৃতিত্ব রয়েছে তার। এছাড়া কোলোন ও ইন্ডিপেন্ডিয়েন্তের মতো ক্লাবেও কোচিং করিয়েছেন। ইন্ডিপেন্ডিয়েন্তের হয়ে ২০১০ সালে কোপা সুদামেরিকানা জেতেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলেও মোহামেদের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। সেল্তা ভিগো, আতলেতিকো মিনেইরো, আমেরিকা, মোন্তেরে, পুমাস ও টলুকার মতো ক্লাবের দায়িত্ব সামলেছেন তিনি। কোচিং ক্যারিয়ারে সবমিলিয়ে ১৪টি শিরোপা জিতেছেন মোহামেদ। এর মধ্যে মেক্সিকান চ্যাম্পিয়নশিপ, ব্রাজিলিয়ান সুপার কাপ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ ও লিগস কাপ উল্লেখযোগ্য।
২০১৪ সালের শেষ দিকে টলুকার দায়িত্ব নেওয়ার পর দেড় বছরের মধ্যে ছয়টি ট্রফি জিতেছিলেন মোহামেদ। এতে ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবে নিজের অবস্থান তৈরি করেন তিনি। ২০১৬ সালের লিগস কাপে মোন্তেরেকে হারিয়ে জেতা শিরোপাটি ছিল তার সর্বশেষ ট্রফি।
কোচিংয়ে আসার আগে পেশাদার ফুটবলার হিসেবেও দীর্ঘ ক্যারিয়ার ছিল মোহামেদের। ১৯৮৬ সালে মেক্সিকোর একটি ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। পরে আর্জেন্টিনার হুরাকান, বোকা জুনিয়র্স ও ইন্ডিপেন্ডিয়েন্তের পাশাপাশি মেক্সিকোর তোরোস নেজা ও মোন্তেরের হয়ে ফরোয়ার্ড হিসেবে খেলেছেন।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মোহামেদ। ১৯৯১ সালে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের সদস্যও ছিলেন তিনি। এবার সেই জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নের কথাই প্রকাশ্যে জানালেন সাবেক এই ফরোয়ার্ড।
ভোরের আকাশ/সু.পা