ইএ স্পোর্টসের ভবিষ্যদ্বাণী : ২০২৬ বিশ্বকাপ জিততে পারে স্পেন

ফুটবল বিশ্বকাপ এলেই নানা ধরনের ভবিষ্যদ্বাণী নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। কখনো অক্টোপাস, কখনো সুপারকম্পিউটার, আবার কখনো চিড়িয়াখানার কোনো প্রাণীও জায়গা করে নেয় আলোচনার কেন্দ্রে। এরই মধ্যে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টসের এক নতুন পূর্বাভাস ফুটবলপ্রেমীদের দৃষ্টি কেড়েছে। তাদের সর্বশেষ সিমুলেশনে ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছে স্পেনের নাম।
জনপ্রিয় গেম ‘ইএএফসি ২৬’-এর মাধ্যমে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সিমুলেশন পরিচালনা করেছে ইএ স্পোর্টস। খেলোয়াড়দের বর্তমান পারফরম্যান্স, রেটিং, কৌশল, সাম্প্রতিক ফলাফল এবং হাজারো ভার্চ্যুয়াল ম্যাচের তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস তৈরি করা হয়েছে।
সিমুলেশন অনুযায়ী, আগামী বিশ্বকাপের ট্রফি উঠতে পারে স্পেনের হাতে। লামিনে ইয়ামাল, পেদ্রি ও রদ্রিদের মতো তারকাদের নিয়ে গড়া স্প্যানিশ দলকে সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখানো হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, সর্বশেষ চারটি বিশ্বকাপের ক্ষেত্রেই ইএ স্পোর্টসের পূর্বাভাস বাস্তব ফলাফলের সঙ্গে মিলেছে।
২০১০ বিশ্বকাপে তারা স্পেনকে চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল, আর শেষ পর্যন্ত শিরোপাও জিতেছিল স্পেন। ২০১৪ সালে তাদের পূর্বাভাস ছিল জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা। প্রতিবারই বাস্তব ফলাফল মিলে যায় তাদের সিমুলেশনের সঙ্গে।
ধারাবাহিকভাবে সঠিক পূর্বাভাস দেওয়ার কারণে ইএ স্পোর্টসের বিশ্বকাপ-সংক্রান্ত বিশ্লেষণ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ বেড়েছে। তবে এটি শেষ পর্যন্ত একটি কম্পিউটারভিত্তিক সম্ভাব্য পূর্বাভাস মাত্র। প্রকৃত চ্যাম্পিয়ন কে হবে, তার সিদ্ধান্ত হবে মাঠের লড়াইয়েই।
ভোরের আকাশ/সু.পা