বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই স্বাধীন গণমাধ্যমের ভিত্তি: জহির উদ্দিন স্বপন

নতুন বাংলাদেশ গঠন ও রাষ্ট্র সংস্কারের কার্যক্রম সফল করতে গণমাধ্যমকে শক্তিশালী ও কার্যকর প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকীকরণ এবং সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ সুরক্ষায় সরকার নীতিগত সহায়তা দিতে প্রস্তুত।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক জনতার সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ এম আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকাটির সম্পাদক ওবায়দুর রহমান শাহীন।
এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহসিন হোসেন, সাবেক সভাপতি বুলবুল আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কারের যে লক্ষ্য নিয়ে কাজ করছে, তা বাস্তবায়নে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, সংবাদপত্রের মালিকরা যাতে নিরাপদে বিনিয়োগ করতে পারেন এবং সেই বিনিয়োগ লাভজনক পর্যায়ে নিতে পারেন, সে জন্য সরকার নীতিগত সহায়তা দেবে। একই সঙ্গে সম্পাদক, সাংবাদিক, ছাপাখানার কর্মীসহ গণমাধ্যম শিল্পের সঙ্গে যুক্ত সবার স্বার্থ সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে।
সাংবাদিকতার মূলনীতি তুলে ধরে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতার অন্যতম প্রধান দায়িত্ব হলো ক্ষমতাকে প্রশ্ন করা। একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার প্রশ্নকে সম্পদ হিসেবে বিবেচনা করে। সরকারের প্রতি যত বেশি প্রশ্ন থাকবে, জবাবদিহিতা তত বাড়বে এবং জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা আরও স্পষ্ট হবে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের দীর্ঘ সময়ের ভুল জ্বালানি নীতি, অপরিকল্পিত প্রকল্প ও অনিয়মের কারণে দেশ একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া এসব সংকট কাটিয়ে উঠতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, অতীতের সংকট ও ধ্বংসাত্মক শাসনব্যবস্থার প্রভাব থেকে দেশকে বের করে আনতে বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ওপর জনগণ আস্থা রেখেছে।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, গঠনমূলক সমালোচনার সুযোগ অবশ্যই থাকতে হবে। একই সঙ্গে অতীতের স্বৈরাচারী শাসনের সমর্থকরা যাতে কোনো সুযোগ নিতে না পারে, সে বিষয়েও গণমাধ্যমকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, স্বাধীন সংবাদমাধ্যমে বহুমতের প্রকাশ ঘটবে। বিভিন্ন মত ও বক্তব্যের মধ্য থেকেই বস্তুনিষ্ঠ তথ্য উঠে আসবে—এটাই একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের অন্যতম ভিত্তি।
ভোরের আকাশ/জেআ