তিতাসের মৃত্যুতে মানবাধিকার পরিষদের গভীর দুঃখ প্রকাশ

কক্সবাজারের টেকনাফে মানবপাচারবিরোধী অভিযান পরিচালনার সময় সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখের (২৭) মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ। তাঁর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে সংগঠনটি।
দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘবদ্ধ অপরাধ দমনে দায়িত্ব পালন করতে গিয়ে তার এ আত্মত্যাগ জাতির জন্য গভীর বেদনার বলে উল্লেখ করেছে সংগঠনটি।
শনিবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তারা বলেন, টেকনাফের রঙ্গিখালী পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে একজন সাহসী সেনাসদস্যের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে তার আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকবার্তায় নেতৃদ্বয় মরহুম সৈনিক মো. তিতাস শেখের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন, মানব পাচার শুধু একটি সংঘবদ্ধ অপরাধ নয়, এটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এ অপরাধ নির্মূলে জড়িত চক্রগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। পাশাপাশি এ ধরনের ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নেতৃদ্বয় আরও বলেন, নিহত সেনাসদস্যের পরিবারের পাশে রাষ্ট্রকে দাঁড়াতে হবে। তার পরিবারের সদস্যদের যথাযথ আর্থিক সহায়তা, সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে এ মর্মান্তিক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শোকবার্তার শেষাংশে তারা মহান আল্লাহর কাছে মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা জানান।
ভোরের আকাশ/জেআ