পরিচ্ছন্ন ঢাকা গড়তে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে গুরুত্ব

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখার বিষয়েও আলোচনা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব বিষয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটির কাজের অগ্রগতি, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে পর্যালোচনা করা হয়।
এ সময় নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আব্দুল ওয়াদুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ