নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস

নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে দ্রুততম সময়ের মধ্যে সড়কে নামছে আরও ১০০টি পিংক বাস। রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই তথ্য জানানো হয়।
এছাড়াও, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে সেটা সোজা ও প্রশস্তকরণ এবং নতুন যে সকল প্রকল্প নেওয়া হচ্ছে সেগুলো স্ট্রেইট লাইন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
রবিবার জাতীয় সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বৈঠকে যোগদান করেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দের সাথে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীনস্হ বিভাগ ও দপ্তরসমূহের সার্বিক কার্যক্রম সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যবৃন্দকে অবহিতকরণ এবং সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনয়নে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
কমিটি কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির উপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্ট এর বর্তমান অবস্থা সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র