লাইসেন্সবিহীন ২২টি অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম শনাক্ত

বাংলাদেশ ব্যাংক লাইসেন্সবিহীন ২২টি অবৈধ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম শনাক্ত করেছে এবং এগুলোতে লেনদেন থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, লাইসেন্স ছাড়া এসব প্ল্যাটফর্মে লেনদেন করা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। সাধারণ মানুষের অর্থের নিরাপত্তা ও আইনি ঝুঁকি এড়াতে এই নির্দেশনা জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমতি বা লাইসেন্স না নিয়ে এ ধরনের প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন করা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৪(২) ধারা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া দেশের ভেতরে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট ব্যবস্থা পরিচালনা কিংবা কোনো ধরনের পেমেন্ট সেবা দিতে পারবে না।
কেউ এই আইন অমান্য করলে একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের আইনি জটিলতা বা আর্থিক ক্ষতির মুখে না পড়েন, সে জন্য এসব অবৈধ পেমেন্ট গেটওয়ে ব্যবহার কিংবা এগুলোর সঙ্গে কোনো ধরনের লেনদেন বা কার্যক্রমে যুক্ত না হওয়ার জন্য জোরালো পরামর্শ দেওয়া হয়েছে।
যেসব প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা করা হয়েছে
বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে অবৈধ ও লাইসেন্সবিহীন হিসেবে চিহ্নিত ২২টি পেমেন্ট প্ল্যাটফর্ম হলো— BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay, CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay.Ltd, Biswasto এবং PipraPay।
ভোরের আকাশ/আ.র