ঠাকুরগাঁও-১ আসনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু রোববার

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে আগামী রোববার (২৭ সেপ্টেম্বর)। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এই নিবন্ধন কার্যক্রম চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও-১ আসনের পোস্টাল ভোটিংয়ের জন্য ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত থাকবে। এ সময়ের মধ্যে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন।
এদিকে, ঘোষিত তফসিল অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর।
মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এসব আপিলের নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
এরপর ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সবশেষে আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোরের আকাশ/জেআ