পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশনপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে অভিবাসন কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার প্রেক্ষাপটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশনপ্রধান ড. লরা টম বোন্ডে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইওএম মিশন প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের প্রতি সংস্থাটির দীর্ঘদিনের অংশীদারিত্ব ও অব্যাহত সহায়তার প্রশংসা করেন। এ সময় ড. বোন্ডে ২০২৬ সালের মে মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামে (আইএমআরএফ) বাংলাদেশের নতুন অঙ্গীকারগুলোর ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের বৈশ্বিক কম্প্যাক্ট (জিসিএম) বাস্তবায়নে বাংলাদেশের প্রথম জাতীয় কর্মপরিকল্পনা (এনএপি) অনুমোদনকে স্বাগত জানান তিনি।
সাক্ষাৎকালে উভয় পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নিয়মিত অভিবাসন পথ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন ও ট্যালেন্ট পার্টনারশিপ, ইস্টার্ন করিডোর উদ্যোগ, দেশে ফেরা অভিবাসীদের চ্যালেঞ্জ, জলবায়ুজনিত অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং জলবায়ু অভিযোজন অন্যতম।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারে টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের লক্ষ্যে নতুন করে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সাম্প্রতিক অগ্রগতির প্রেক্ষাপটে তিনি এ বিষয়ে আলোকপাত করেন। এ ছাড়া দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের ফলে সৃষ্ট মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সম্পৃক্ততা ও সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
ড. বোন্ডে আইওএমের বৈশ্বিক অগ্রাধিকারগুলো তুলে ধরেন এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সংস্থাটির প্রস্তুত থাকার কথা জানান। একই সঙ্গে তিনি আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আইওএমের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
বৈঠকে বাংলাদেশ ও আইওএমের মধ্যকার সুদৃঢ় অংশীদারিত্ব এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন এগিয়ে নেয়ার পাশাপাশি মানবিক ও জলবায়ু-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
ভোরের আকাশ/জেআ