রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জর্ডানের

জর্ডানের রাজধানী আম্মানে আজ বাংলাদেশ ও জর্ডানের মধ্যে দ্বিতীয় দফার রাজনৈতিক পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম, সংস্কৃতি, পর্যটন, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দুই দেশ।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম। অন্যদিকে, জর্ডানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকাবিষয়ক বিভাগের পরিচালক রাষ্ট্রদূত মুহাম্মদ আবু ওয়ান্দি। এ সময় জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূর-ই-হেলাল সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে একটি যৌথ বিজনেস ফোরাম গঠনের বিষয়ে একমত হয় দুই পক্ষ। পাশাপাশি ফসফেট, সার ও সংশ্লিষ্ট রাসায়নিক খাতে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তৈরি পোশাক ও ওষুধশিল্প খাতেও সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়।
শ্রম খাতে সহযোগিতা জোরদারে যৌথ শ্রমবিষয়ক কমিটি সক্রিয় করার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। এর আওতায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়েও সহযোগিতার আলোচনা হয়। জর্ডান তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগের বিষয়গুলোও আলোচনায় আসে। ঢাকায় জর্ডানের একটি আবাসিক দূতাবাস খোলার অনুরোধ জানায় বাংলাদেশ। জবাবে জর্ডান জানায়, বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।
আঞ্চলিক ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে জর্ডানের অবস্থানের প্রশংসা করে বাংলাদেশ। একই সঙ্গে ন্যায়সংগত ও স্থায়ী দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ঢাকা। অন্যদিকে, রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর পক্ষে সমর্থন জানায় জর্ডান।
এ ছাড়া সংসদীয় কূটনীতির ওপর গুরুত্বারোপ করে দুই পক্ষ। দ্বিপক্ষীয় বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত করার বিষয়েও একমত হয় তারা। নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় প্রাতিষ্ঠানিক রূপ দিতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে রাজনৈতিক পরামর্শবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এর আগে আম্মানে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন ড. নজরুল ইসলাম। সেখানে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
দ্বিতীয় দফার এ রাজনৈতিক পরামর্শ বৈঠক বাংলাদেশ-জর্ডান সম্পর্ক নতুন করে গতিশীল করা এবং বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ভোরের আকাশ/জেআ