বাংলাদেশিদের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার (৬ অক্টোবর) এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট সাধারণত প্রতি বৃহস্পতিবার বা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে। তবে সংশ্লিষ্ট মিশন ও ভিসার ধরন অনুযায়ী স্লটের প্রাপ্যতার ওপর বিষয়টি নির্ভর করবে।
স্লট থাকা সাপেক্ষে নির্দিষ্ট সময়ে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা যাবে। রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুকিং খোলা থাকবে।
একই দিনের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারীরা নির্ধারিত দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট চক্রের মধ্যে ভবিষ্যতের যেসব তারিখে স্লট খালি থাকবে, সেসব তারিখের জন্য বুকিং করতে পারবেন।
আইভ্যাকের তথ্য অনুযায়ী, অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য নির্ধারিত অনলাইন ব্যবস্থার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র ঠিকভাবে প্রস্তুত করে সময়মতো বুকিং সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রতারণা থেকে আবেদনকারীদের সতর্ক করেছে আইভ্যাক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিছু অসাধু দালাল বা এজেন্ট নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা বা প্রতিনিধি পরিচয় দিয়ে অর্থের বিনিময়ে নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।
আইভ্যাক স্পষ্ট জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট স্লটের বিনিময়ে অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো বৈধ ব্যবস্থা নেই। ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলো বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভারতীয় ভিসার জন্য কোনো ভিসা ফি নেয় না। আইভ্যাক নির্ধারিত ভিসা প্রসেসিং ফি ১ হাজার ৫০০ টাকা ছাড়া অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া বা দ্রুত স্লটের জন্য অতিরিক্ত কোনো অর্থ দেওয়ার প্রয়োজন নেই।
আইভ্যাক আরও জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট স্লট বা দ্রুত ভিসা দেওয়ার নামে অতিরিক্ত অর্থ দাবি করা প্রতারণামূলক কর্মকাণ্ড। তাই ‘সরাসরি অ্যাক্সেস’ রয়েছে বলে দাবি করা কোনো দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করার জন্য আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ধরনের সন্দেহজনক যোগাযোগ বা অর্থ দাবির ঘটনা নজরে এলে আইভ্যাকের ০১৩২৫০৮৯৯৭৫ নম্বরে জানাতে বলা হয়েছে।
ভোরের আকাশ/জেআ