জামানতবিহীন ঋণ বাড়াতে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের পরিমাণ বাড়াতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ভবনে উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিসিকের অবদান ২৫ শতাংশ। এ অবদান ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। প্রতিবছর দেশের শ্রমবাজারে নতুন করে প্রায় ২২ লাখ মানুষ যুক্ত হচ্ছেন। তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ জরুরি।
তিনি আরও বলেন, বিসিকের ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি, যা এ কর্মসূচির সফলতার প্রমাণ।
আগামী দিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিদেশি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিসিক ও এসএমই খাতের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে সরকারের।
অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশে একযোগে ৫১১ জন শিল্প উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৭৬ জন নতুন উদ্যোক্তাকে দেওয়া হয়েছে ৬ কোটি ৭১ লাখ টাকা।
বিসিক আগামী পাঁচ বছরে চলমান তিনটি ঋণ কর্মসূচির আওতায় ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ এবং ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ভোরের আকাশ/আ.র