ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনবে সরকার

সরকার বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে নিজস্ব চাহিদা মেটানোর পর অতিরিক্ত বা উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনে নেবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য পুনর্ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি ভবনের অব্যবহৃত ছাদে সৌর প্যানেল স্থাপন করে নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থায় জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এতে গ্রিডের ওপর চাপ কমার পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি হবে।
কর্মশালায় ২০২৬-২০৩০ মেয়াদি জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র, অর্থায়ন, কার্বন ক্রেডিট ও প্রণোদনা নিয়ে আলোচনা হয়। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, জিআইজেড বাংলাদেশের প্রতিনিধি, খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র