২২ হাজার গ্রাহককে বিমা দাবি পরিশোধ করা হয়েছে: অর্থমন্ত্রী

সমস্যাগ্রস্ত আটটি বিমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে মোট ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রশ্নোত্তর পর্বে নাজমুন নাহার জানতে চান, যেসব জীবন বিমা কোম্পানি দেশের নিরীহ গ্রাহকদের সঙ্গে বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে প্রতারণা করে তাদের মেয়াদোত্তর বিমা দাবি পরিশোধ করছে না, সেসব চিহ্নিত কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের পরিকল্পনা আছে কি না?
উত্তরে অর্থমন্ত্রী বলেন, দেশে রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনসহ লাইফ ও নন-লাইফ মোট ৮২টি বিমা কোম্পানি কার্যরত আছে। এরই মধ্যে দুর্বল আর্থিক অবস্থাসম্পন্ন ও নিম্নমানের কার্যক্ষমতা সম্পন্ন আটটি বিমা কোম্পানির বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে সমস্যাগ্রস্ত আটটি কোম্পানির মোট ২২ হাজার ৩০ জন বিমা গ্রাহককে মোট ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার দাবি পরিশোধ করা হয়েছে। এ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দক্ষ ও নিরপেক্ষ অডিট ফার্ম নিয়োগ এবং পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে দাবি নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, এ ধারাবাহিকতায় অন্য বিমা কোম্পানিগুলোও দাবি পরিশোধের কার্যক্রম ত্বরান্বিত করেছে। ফলে দাবি নিষ্পত্তি বর্তমানে ইপ্সিত লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছে।
তিনি বলেন, কোম্পানির লাইসেন্স বাতিলের বিষয়টি আইনগত ও আর্থিক দায়বদ্ধতা এবং পলিসিধারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হবে। কারণ, লাইসেন্স বাতিল হলেও বিমা গ্রাহকদের প্রতি কোম্পানির বিদ্যমান দায়বদ্ধতা বিলুপ্ত হয় না। তাই গ্রাহকদের স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/আ.র