চট্টগ্রামে লাইসেন্স ছাড়া সরকারি গম মজুদ, জরিমানা ৩ লাখ টাকা

চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় একটি প্রতিষ্ঠান থেকে ১২০ দশমিক ০৫ টন সরকারি লাল গম জব্দ করা হয়েছে। লাইসেন্স ছাড়া সরকারি খাদ্যশস্য মজুদ ও ব্যবসা পরিচালনার দায়ে ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামের প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বায়েজিদ থানার নাসিরাবাদ এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এসআরবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে সরকারি খাদ্যশস্য অবৈধভাবে মজুদ ও ব্যবসা পরিচালনার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স ছাড়া মজুদ করা ১ লাখ ২০ হাজার ৫০ কেজি লাল গম জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দীন বলেন, সরকারি খাদ্যশস্য অবৈধভাবে মজুদ ও ব্যবসা পরিচালনার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে একই দিন চট্টগ্রাম সফরে এসে জেটি, সাইলো ও দেওয়ানহাট সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) গুদাম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এ সময় আসন্ন রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা এবং খাদ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা জোরদার করার নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে।
ভোরের আকাশ/সু.পা