মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র ভ্রমণের সময় চিকিৎসার ব্যয় মেটাতে মার্কিন সরকারের আর্থিক সহায়তা বা অনুদান গ্রহণ করলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এই বার্তায় এবং সাম্প্রতিক আরও কয়েকটি বিজ্ঞপ্তিতে ভিসার শর্তাবলি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তায় দূতাবাস জানায়, ভিসার যথাযথ ব্যবহার এবং এর সব শর্ত মেনে চলার দায়িত্ব সম্পূর্ণভাবে ভ্রমণকারীর। তাই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করার আগে ভিসাসংক্রান্ত নিয়ম ও বিধিনিষেধ সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, ভ্রমণকারীদের পাসপোর্টে উল্লেখ করা ‘অ্যাডমিট আনটিল ডেট’ (Admit Until Date) বা অনুমোদিত অবস্থানের শেষ তারিখের মধ্যেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। এ সময়সীমা যাচাইয়ের জন্য i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া গত ২৮ অক্টোবর প্রকাশিত আরেক বিজ্ঞপ্তিতে বি১/বি২ ভিজিটর ভিসার ব্যবহার সম্পর্কে স্পষ্ট করা হয়। এতে বলা হয়, এ ধরনের ভিসায় ব্যবসায়িক বৈঠক, সভা ও চুক্তি নিয়ে আলোচনা করা গেলেও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চাকরি বা অন্য কোনো ধরনের কাজ করার সুযোগ নেই। এ জন্য উপযুক্ত কর্মসংস্থান ভিসা নিতে হবে।
যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত শর্ত ও বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
ভোরের আকাশ/আ.র