ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক

রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটির কাজের অগ্রগতি, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এ সময় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। এসব লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/জেআ