বিনা খরচে মালয়েশিয়ায় যেতে ৭০ কর্মীর সাক্ষাৎকার কাল

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য দ্বিতীয় ধাপে লটারির মাধ্যমে নতুন করে ৭০ জন কর্মীকে মনোনয়ন দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেল। মনোনীত এই প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে অনলাইন লটারির মাধ্যমে এসব প্রার্থীকে মনোনীত করা হয়।
এর আগে ৪ হাজার ২৯টি আবেদন থেকে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছিল। তবে নির্বাচিত অনেক প্রার্থী সাক্ষাৎকারে উপস্থিত না হওয়ায় শূন্যস্থান পূরণে নতুন করে আরও ৭০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। গত ২ নভেম্বর মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হচ্ছে। পরবর্তীসময়ে সাক্ষাৎকার, দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।
ভোরের আকাশ/আ.র