প্রশাসনে বড় রদবদল, নতুন সচিব পেল চার দপ্তর

প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল এনেছে সরকার। এ প্রক্রিয়ায় একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পাশাপাশি তিন সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক চার বিজ্ঞপ্তিতে তাদের বদলি বা পদায়ন করা হয়।
বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে পদন্নোতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থানে পদায়ন করা হয়েছে মো. দাউদ মিয়াকে। তিনি এর আগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সচিব কানিজ মওলাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভোরের আকাশ/জেআ