চিকিৎসায় সহায়তা নিলেই যুক্তরাষ্ট্রের ভিসা হারানোর ঝুঁকি

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসার শর্ত মেনে চলার বিষয়ে আরও কঠোর সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দেশটিতে ভ্রমণকারী কোনো বিদেশি নাগরিক চিকিৎসার খরচ মেটাতে সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা বা অনুদান নিলে তা ভিসার অপব্যবহার হিসেবে বিবেচিত হবে।
এমনকি এ কারণে ভবিষ্যতে ওই ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।
শনিবার (৭ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসার সঠিক ব্যবহার এবং এর প্রতিটি শর্ত মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব ভ্রমণকারীর নিজের। তাই দেশটিতে ভ্রমণের পরিকল্পনা করার আগে ভিসাসংক্রান্ত নিয়ম ও শর্তগুলো ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবরের এক বিবৃতিতে ভ্রমণকারীদের জন্য আরেকটি সতর্কবার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়েছিল, বিদেশি নাগরিকদের অবশ্যই পাসপোর্টে উল্লেখ করা ‘অ্যাডমিট আনটিল ডেট’ বা যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত শেষ তারিখের মধ্যে দেশটি ছেড়ে যেতে হবে।
ভোরের আকাশ/ইউএম