ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় বক্তব্যকালে এই তথ্য জানান তিনি। প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবেও দায়িত্বপালন করছেন।
প্রধান উপদেষ্টা বলেন, আপনারা মূল কাজটা করে ফেলেছেন, সামান্য রাস্তা বাকি। সবকিছু নির্ভর করছে শেষ অংশটুকুর ওপর। বাকি রাস্তাটুকু যেন আপনারা সুন্দরভাবে সমাপ্ত করেন, পৃথিবীর জন্য নজির সৃষ্টি করেন।
তিনি বলেন, ঐকমত্য কমিশন গঠনের সময় তিনি নিশ্চিত ছিলেন না এ উদ্যোগ সফল হবে কি না। কিন্তু দীর্ঘ আলোচনা ও ধৈর্যের মধ্য দিয়ে কমিশনের সদস্যরা একটি ‘অভূতপূর্ব দৃষ্টান্ত’ স্থাপন করেছেন বলে উল্লেখ করেন তিনি।
জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, আপনারা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, বিন্দুমাত্র সন্দেহ নাই। ইতিহাসের স্মরণীয় অধ্যায় রচনা করেছেন। এখন শুধু এটাকে নিখুঁতভাবে শেষ করতে হবে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকেও জুলাই সনদ নিয়ে আলোচনা হয়, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি।
কমিশনের মতে, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয়, বরং তা গণতন্ত্র ও সুশাসনের দীর্ঘমেয়াদি রোডম্যাপ। তবে এর সফল বাস্তবায়নে প্রয়োজন সর্বস্তরের রাজনৈতিক ঐকমত্য।
ভোরের আকাশ/এসএইচ