হাতকড়া ছাড়াই আদালতে জিয়াউল আহসান, ইলিয়াসপত্নীর ক্ষোভ

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করার ঘটনায় জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী এবং সিলেট-২ আসনের এই সংসদ সদস্য আজ রোববার (১৫ নভেম্বর) সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে আইনমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন।
এ ঘটনায় উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান তিনি। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।
তাহসিনা রুশদীর লুনা বলেন, অসংখ্য গুম, খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জিয়াউল হাসান কারাগারে আছেন এবং তার বিচার চলমান। গত বৃহস্পতিবার যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার অঙ্গভঙ্গি আচরণ এবং উদ্ধতপূর্ণ আচরণ দেখলাম। দেখে মনে হচ্ছে, যে উনি কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছেন এবং পুলিশ প্রটোকল দিচ্ছে। এ রকম অপরাধীকে বিনা হাতকড়ায়, ডান্ডাবেড়ি না পরিয়ে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমাদের মর্মাহত করেছে।
তিনি আরও বলেন, আমার মতো বহু পরিবার এই বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং আতঙ্কিত। তাকে কি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না?
জবাবে আইনমন্ত্রী জানান, বিষয়টি তার নজরে এসেছে। তবে কোনো আসামিকে আদালতে নেওয়ার বিষয়টি আইনমন্ত্রীর এখতিয়ারের মধ্যে পড়ে না। তারপরও বিষয়টি সরকারের নজরে আসার পর পরবর্তী সময়ে তাকে আদালতে নেওয়ার ক্ষেত্রে একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে। আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সরকার নিশ্চয়তা দিচ্ছে।
আসাদুজ্জামান বলেন, বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সরকার সে বিষয়ে সতর্ক রয়েছে। সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব আসামিকে হাজির করা হচ্ছে, তাদের বিরুদ্ধে থাকা সব সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র আদালতে উপস্থাপন করা হচ্ছে। ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করে বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিগত ১৬-১৭ বছরে দেশে যত গুম, খুন ও গায়েবি মামলা হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যত মানুষ নিহত, পঙ্গু হয়েছেন কিংবা চোখ, হাত ও অন্যান্য অঙ্গ হারিয়েছেন, প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করবে। এ অঙ্গীকার তিনি সংসদে পুনর্ব্যক্ত করেন।
আইনমন্ত্রী আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে জানিয়েছিলেন, গত ১৬ বছরে এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা ও চিফ প্রসিকিউটরের নেতৃত্বে দল পাঠানো হবে।
এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তদন্ত কর্মকর্তারা জেলায় জেলায় গেলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ, বিডিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা কিংবা রাজনৈতিক কর্মীদের ইন্ধন, সহযোগিতা বা প্রশ্রয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে তাদের সহযোগিতা করতে হবে।
ভোরের আকাশ/আ.র