প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে খণ্ডিত উদ্যোগের পরিবর্তে সমন্বিত, জাতীয়ভাবে স্বীকৃত এবং টেকসই অর্থায়ননির্ভর শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘2nd Global Ministerial Conference on Ending Violence Against Children’ শীর্ষক সম্মেলনের ‘Strengthening Child Protection Systems and Financing for Sustainable Impact’ বিষয়ক স্যাটেলাইট ইভেন্টে মূল বক্তব্য উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিশুদের প্রতি সহিংসতা কেবল শিশু অধিকারের লঙ্ঘন নয়, এটি মানবসম্পদ, সামাজিক ঐক্য ও টেকসই উন্নয়নেরও অন্তরায়। শিশুদের সহিংসতা, নির্যাতন, অবহেলা, শোষণ এবং ক্ষতিকর প্রথা থেকে সুরক্ষা দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম জাতীয় উন্নয়ন অগ্রাধিকার।
তিনি আরও বলেন, শিশুদের মানসিক বিকাশে সরকার ‘নতুন কুঁড়ি’ ও ‘নতুন কুঁড়ি (স্পোর্টস)’সহ খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রসারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী বলেন, বিচ্ছিন্ন প্রকল্পের মাধ্যমে শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ জন্য আইন, প্রতিষ্ঠান, দক্ষ জনবল, পরিবার, সমাজ এবং সরকারি অর্থায়নের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে একটি শক্তিশালী শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ তিনটি কৌশলগত অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে।
মন্ত্রী জানান, প্রথম অগ্রাধিকার হিসেবে নেতৃত্ব ও জবাবদিহিতা জোরদারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পৃথক ‘শিশু বিষয়ক অধিদপ্তর’ প্রতিষ্ঠা এবং সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা শাখাকে আরও শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি সমন্বয় ও জবাবদিহিতা বাড়াতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিশু কল্যাণ বোর্ডগুলোকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দ্বিতীয় অগ্রাধিকারের বিষয়ে তিনি বলেন, প্রতিরোধ ও সমন্বিত সেবায় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিশুরা যেখানে বেড়ে ওঠে, শেখে ও বসবাস করে, সেখান থেকেই সহিংসতা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ লক্ষ্যে ইতিবাচক অভিভাবকত্ব বা পজিটিভ প্যারেন্টিংয়ের প্রসার, কমিউনিটিভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার, নিরাপদ বিদ্যালয় নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবায় শিশু সুরক্ষা অন্তর্ভুক্তি এবং শিশুবান্ধব বিচারব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে।
তৃতীয় অগ্রাধিকার হিসেবে টেকসই ফলাফল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, সমাজসেবা কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, কেস ম্যানেজমেন্ট ও রেফারেল ব্যবস্থার উন্নয়ন, তথ্য-উপাত্তে বিনিয়োগ এবং সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে অভ্যন্তরীণ অর্থায়ন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, সরকারি নেতৃত্বের পাশাপাশি কমিউনিটি, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাত একযোগে কাজ করলে শিশু সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রতিটি শিশু যেন নিরাপদ, সুরক্ষিত ও সহায়ক পরিবেশে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করতে বাংলাদেশ বদ্ধপরিকর।
বিশ্বের ১০০টির বেশি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে ফিলিপাইনের ম্যানিলায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ