বিশ্বে অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান শিল্প উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘কমনওয়েলথ বিজনেসউইমেনস নেটওয়ার্ক’-এর নির্বাহী পরিচালক আরিফ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
আগামী নভেম্বরে অ্যান্টিগুয়া ও বার্বুডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (সিএইচওজিএম)। সম্মেলনে নতুন বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য বিনিয়োগের স্থান হিসেবে তুলে ধরার কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী ও কমনওয়েলথ প্রতিনিধির মধ্যকার এ আলোচনায় বাংলাদেশকে নীতিগত ধারাবাহিকতা ও স্থিতিশীলতার দেশ হিসেবে উপস্থাপনের বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে বিশ্ববাজারে একটি শক্তিশালী ‘উৎপাদন হাব’ হিসেবে দেশকে গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরা হয়।
বৈঠকে কৃষি ও গ্রামীণ উদ্যোগ জোরদার করা, ব্লু-ইকোনমিতে টেকসই সম্ভাবনার বিকাশ এবং নবায়নযোগ্য জ্বালানি ও ‘সার্কুলার ইকোনমি’ খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও তারা মতবিনিময় করেন।
এছাড়া মূল সম্মেলনের পাশাপাশি ‘কমনওয়েলথ উইমেনস ফোরাম’ নিয়েও কথা হয়। এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা এবং তাদের সম্ভাবনার বিকাশ ঘটানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে কমনওয়েলথের এই ফোরামগুলোকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা তুলে ধরা ও যোগাযোগ আরো জোরালো করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
ভোরের আকাশ/জেআ