পদ্মা ব্যারাজ প্রকল্পের অগ্রগতি নিয়ে আশাবাদী পানিসম্পদ মন্ত্রী

পদ্মা নদীর পানি ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার। শিগগিরই এ মেগা প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তাঁর ভাষ্য, প্রকল্পটির সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আলোচনা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নদীমাতৃক বাংলাদেশের মাটি, মানুষ, সেচ ও কৃষির সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয় গভীরভাবে জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ চলছে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের প্রকল্পও অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ, নেদারল্যান্ডস, চীন ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে এ কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
গঙ্গা চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এ বিষয়ে বিশেষ কমিটির পক্ষ থেকে দুটি চিঠি এবং তার পক্ষ থেকেও একটি ব্যক্তিগত চিঠি পাঠানো হয়েছে। ভারতীয় হাইকমিশনারের সঙ্গেও আলোচনা হয়েছে। তবে এখনও কোনো জবাব বা দৃশ্যমান সাড়া পাওয়া যায়নি। বাংলাদেশের মানুষের স্বার্থে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নতুন উদ্যোগে গঙ্গা চুক্তির সমাধান চান তিনি।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করতে পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে।
সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ